সিলেট-৬ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই। বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাম্পাকো ফয়েলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক মরহুমের ছেলে সৈয়দ তানভীর আহমদ।
ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে স্বতন্ত্র হিসেবে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও নির্বাচনী এলাকার সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে রাজধানী ঢাকায় দাফন করা হবে বলেও পরিবার সূত্র জানায়।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিলেটবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
সৈয়দ মকবুল হোসেন ১৯৪৬ সালে সিলেটের গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।তার স্ত্রী সাজেদা পারভিন। তার ১ ছেলে সৈয়দ তানভীর হোসেন ও ১ মেয়ে সৈয়দা আদিবা হুসাইন।
রাজনৈতিক জীবন: সৈয়দ মকবুল হোসেন ১৯৮৬ সালের তৃতীয় ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জড়িত থাকলেও ১৯৯১ সালের পর যোগ দেন বিএনপিতে।
১৯৯১ সালের পঞ্চম ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



