সয়াবিনসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বেআইনি সিন্ডিকেট ব্যবসা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করা রোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে, এসব পণ্য রেশন কার্ডের মাধ্যমে কেন বিক্রি করা হবে না এবং ওএমএস নীতিমালার মধ্যে কেন যুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। সৈয়দ মহিদুল কবীর বলেন, আমাদের আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশসহ রুল জারি করেছেন। আদেশ বাস্তবায়ন করে আগামী ২৬শে এপ্রিল এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত রোববার শুনানিকালে হাইকোর্টে দেশে সয়াবিন তেলসহ ভোগ্য পণ্যে মজুত করে যারা জনগণকে ভোগান্তিতে ফেলছেন সেই সব সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেন।
দেশের জনগণকে জিম্মি করে মূল্যবৃদ্ধি কোনোভাবেই ব্যবসায়ীদের নৈতিকতার পরিচয় দেয় না।
গত ৬ই মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এডভোকেট মনির হোসেন, এডভোকেট সৈয়দ মহিদুল কবির ও এডভোকেট মোহাম্মদ উল্লাহ। রিটে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (বিজি), প্রতিযোগিতা কমিশনের মহাপরিচালক, এফবিসিসিআইয়ের সভাপতি, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। রিটে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।
এ ছাড়া সয়াবিন তেল টিসিবি’র মাধ্যমে কেন আমদানি করা হচ্ছে না এবং সয়াবিন তেল টিসিবি’র মাধ্যমে আমদানি করার জন্য নির্দেশনা চাওয়া হয় রিটে। এর আগে ৩রা মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিনজন আইনজীবী। তারা সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



