রোববার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ‘এ’ ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরের এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক রাজু শেখ এবং সদস্য সামিউল এহসান শাফিন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।
একদিকে উন্নয়নের ফাঁকা বুলি শুনিয়ে বলা হচ্ছে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, অন্যদিকে আমরা দেখছি দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, টিসিবির ট্রাকের পেছনে দিশেহারা মানুষের ছুটাছুটি। করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতার ফলশ্রুতিতে এমনিতেই অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দেশের লক্ষ লক্ষ পরিবার। তার উপর যুক্ত হয়েছে আকাশচুম্বী দ্রব্যমূল্যের ক্রমাগত পদাঘাত।
তারা বলেন, তিন-বেলা ভাতের জোগান করতে পারছে না লক্ষ লক্ষ মানুষ। এমনকি একটা পণ্যের ব্যাগের জন্য চলন্ত ট্রাকের পেছনে ঝুলে থাকা মানুষের দৃশ্যটি পর্যন্ত আমাদের জীবনের একটি নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সারা দেশে মাত্র ৪৫০ টি পয়েন্টে সীমিত পরিমাণে প্রতিদিন টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয় যা সাধারণ মানুষের চাহিদার তুলনায় খুবই নগণ্য। এমনকি সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই।
বক্তারা বলেন, দেশের সাধারণ জনগণের এই দুর্ভোগ-সংকটময় পরিস্থিতিতে ছাত্রসমাজ নীরব ভূমিকা পালন করতে পারেনা- অতীতেও কখনো করেনি। আমরা মনে করি সরকারকে এই সংকট মোকাবেলায় যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
এসময় তারা এ সংকট মোকাবেলায় দুটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সারাদেশে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে দরিদ্র-নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য রেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সারাদেশে টিসিবির মাধ্যমে জনগণের চাহিদার সাথে খাপ খাওয়ানোর মতো পরিমাণমতো পণ্য সরবরাহ করতে হবে এবং প্রত্যেক ইউনিয়নে টিসিবির ট্রাক পৌছে দিতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



