লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মধ্যরাতে ভোটের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সভাপতি পদে ভোট গ্রহণ না করে সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণের অভিযোগ উঠে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন স্থলে অতিথিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগ নেতারা জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলন স্থল উত্তপ্ত করে তোলেন। এর আগে বিকেলে ৫টায় সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুজ্জাহের সাজু প্রমুখ।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা শুরু থেকে ৪-৫ ঘণ্টা উপস্থিত ছিলেন। রাত বাড়তে থাকলে অধিকাংশ নেতাকর্মী সম্মেলন স্থল ত্যাগ করেন। ইউনিয়নের ১৯ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যায়ে ৫ জন উপস্থিত ছিলেন। কারণ সবাই ধারণা করেছেন সম্মেলনের আলোচনা শেষে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কিন্তু রাত ১২টার দিকে সম্মেলনের অতিথিরা হঠাৎ ভোটের ঘোষণা দেন। এতে কাউন্সিলররা তাদের ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সভাপতি পদে ভোট না নেওয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একে অপরকে প্লাস্টিকের চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় ২০-২৫ টি চেয়ার ভেঙে যায়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামী লীগের দুইজন নেতা বলেন, রাত ১২ টার দিকে হঠাৎ করে ভোট রহস্যজনক। অতিথিরা সভাপতি পদে ভোট নিচ্ছেন না। সেখানে এককভাবে বর্তমান সভাপতি নুরুল ইসলাম সাগরকে ফের নির্বাচিত করার পাঁয়তারা করা হচ্ছে। সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হচ্ছিল। সভাপতি পদে ভোট গ্রহণ না করায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাধারণ সম্পাদক প্রার্থীদের লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়।
দলীয় সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল ইসলাম সাগর ও আব্বাস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি, আব্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এছাড়া সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক, সবুর খান ও বেলাল হোসেন প্রার্থী হয়ে লড়ছেন। এরমধ্যে ফারুক ইউনিয়ন কৃষক লীগের সদস্য, সবুর খান ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বেলাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন বলেন, নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে গেছে। এটি ভুল বুঝাবুঝি ছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



