প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদের মৃত্যুতে শূণ্য ঘোষিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিব নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়। এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা। দলীয় একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নেতাকর্মীরা বলেন, এ আসনে প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবসহ আলোচনায় ছিলেন প্রয়াত সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদের স্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা সামাদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক দুলালকে এগিয়ে রাখেন। তাদের পেছনের কাতারে আলোচনায় জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ডিগ্রী কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন ও ব্যবসায়ী নেতা তাহমিন আহমদ।
কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের হিসাবকে পাল্টে দিয়েছে। তবে গত মে মাসের শেষের দিকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান সংবাদ মাধ্যমে আলোচনায় আসেন হাবিবুর রহমানের হাবিবকে সমর্থন করে। এ নিয়ে তীব্র সমালোচনাবিদ্ধ হন বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা।
সর্বশেষ গত ১০ জুন সিলেটে মডেল মসজিদ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে লুৎফুর রহমানকে খোঁজেন। সেদিন তিনি উপস্থিত ছিলেন না। কিন্তু বর্ষিয়ান এই নেতার চাওয়াকে গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড।
দলীয় সূত্রমতে, সিলেট-৩ আসনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদের উত্তরসূরী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করা ২৫ জনের অন্য নেতৃবৃন্দ হলেন-ষাটের দশকের ছাত্রনেতা মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি নিজম উদ্দিন অ্যাডভোকেট, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম, যুক্তরাজ্য আ’লীগ শিল্প ও বাণিজ্য সম্পবদক আসম আসম মিসবাহ, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য শামীম ইকবাল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ হাজী মো. সাইফুল আলম এবং বাংলাদেশে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম সাদরুল আহমেদ খান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট এমসি কলেজ সাবেক ছাত্রলীগ সভাপতি সেলিম আহমদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস শহীদ কাজল।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যান। এরপর গত ১১ মার্চ তারিখে জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি শূণ্য ঘোষণা করে ইসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূণ্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমন জনিত দুর্বিপাকের কারণে এই দফায় মেয়াদান্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূণ্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসীল ঘোষণা করে ইসি।
তফসীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৭ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। ২৪ জুন হবে প্রতীক বরাদ্দ এবং আগামি ১৪ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই পূণ:নির্ধারণ করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



