সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জের একাংশ) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট মহানগরের আওয়ামী লীগের নেতা তাহমিন আহমদ।
রোববার (০৭ জুন) বেলা তিনটায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ কয়েস এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সিলেট-৩ আসনের এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী তাহমিন আহমদ বলেন, পারিবারিক সূত্রেই আমি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আছি। সবসময় মানুষের সেবা করছি। দল ও নেত্রী চাইলে এবার সিলেট-৩ আসনের মানুষের সেবা করতে এমপি প্রার্থী হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
দলীয় রাজনীতি ও নিজের পরিবার সম্পর্কে এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ বলেন, আমার বড় ভাই প্রয়াত মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুজিবনগর সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে শিলিগুড়ি সম্মেলনে যোগদান করেন।
অপর ভাই শাব্বির আহমদ ১৯৬৬ সালে সিলেট এম.সি কলেজে ছাত্রলীগের ভিপি থাকা অবস্থায় আইয়ুব বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালনের কারণে রাষ্ট্রদ্রোহী মামলায় দীর্ঘদিন কারাবরণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। অপর ভাই খালেদ আহমদ ছাত্রজীবন থেকে জেলা ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। এছাড়াও প্রবাসে যুক্তরাষ্ট্রের মিশিগান আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। আমরা সকল ভাই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।
উল্লেখ্য, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে এসব আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ই জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ই জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩শে জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪শে জুন। এরপর আগামি ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



