করোনাভাইরাস প্রতিরোধে সিলেটে চলছে গণটিকা উৎসব। দেশে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য আজকের গণটিকায়। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট নগরের ৯৬ কেন্দ্রসহ বিভাগের ৫৮০টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম সকাল থেকে চলছে। দিনের শুরু থেকে টিকাদান যেনো উৎসবে পরিণত হয়েছে।
জনসন এন্ড জনসন’র সিঙ্গেল ডোজ টিকা নিতে সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। করোনা থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদানের কথা বলা হলেও স্বাস্থ্যবিধি মানার ছিটেফুঁটোও নেই কেন্দ্রগুলোতে। এমনকি শিশুদের কোলে নিয়েও নারীদের টিকাকেন্দ্রে আসতে দেখা গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, সরকার কর্তৃক সাড়ে ৪ লাখ লোকজনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা্ থাকলেও সিলেট বিভাগের লক্ষ্য ৭ লাখ লোকজনকে টিকা প্রদান। সে লক্ষ্য নিয়েই ৫৮০টি টিম বিভাগে টিকা প্রদানে কাজ করে যাচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বিভাগের চার জেলায় অন্তত ৭ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। যতক্ষণ কেন্দ্রে মানুষ থাকবে, ততক্ষণ টিকা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে ৩ থেকে ৫ শ মানুষকে টিকা দেওয়া কথা থাকলেও আমরা সংখ্যা নির্দিষ্ট রাখিনি। প্রয়োজনে প্রতি কেন্দ্রে সহস্রাধিক লোকজনকে টিকা দেওয়া হবে। আর নানা কারণে যারা টিকাদানের উৎসবে সামিল হতে পারবেন না, তাদের বিষয়ে পরবর্তীতে সরকার বিবেচনা করতে পারে।
তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগে সাড়ে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। শুধু শুক্রবারেই এক লাখ ৭ হাজার মানুষকে টিকা দেওয়া হয়। এদের মধ্যে বেশিরভাগ ভ্রাম্যমান মানুষ। তন্মধ্যে বেদে সম্প্রাদায়, রেল স্টেশনের কুলি, বাস টার্মিনালে পরিবহণ শ্রমিক, পতিতা, হিজড়া জনগোষ্টী, মাজারের ফকিরসহ ফুটপাতের ছিন্নমূল মানুষও রয়েছেন। তাদেরকে রাতের বেলা ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে জনসন এন্ড জনসন টিকা প্রদান শুরু হয়েছে। কেননা, তাদের পূণরায় দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য খোঁজে পাওয়া যাবে না, তাই সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।
ডা. হিমাংশু লাল রায় বলেন, এরইমধ্যে সিলেট বিভাগে প্রায় এক কোটি জনসংখ্যার মধ্যে ৭২ লাখ লোকজনকে প্রথম ডোজ এবং ৪৬ লাখ লোকজনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য শাখা থেকে জানানো হয়, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি, সেসব নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনপত্র নিয়ে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারছেন। যাদের এর কোনটিই নেই তারাও টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন।
আর যারা ইতিমধ্যে সুরক্ষা অ্যাপসে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি, তারাও আজ টিকা গ্রহণ করতে পারছেন। পরবর্তীতে তারা নগরভবনে স্থাপিত তথ্যকেন্দ্রের মাধ্যমে টিকা গ্রহণের তথ্য সুরক্ষা অ্যাপসে হালনাগাগ করাতে পারবেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, যারা রেজিষ্ট্রেশন ব্যতিত গণটিকা ক্যাম্পেইনে টিকা গ্রহণ করছেন, তাদেরকে কেন্দ্র থেকে একটি সরকারি টিকা কার্ড প্রদান করা হবে।
উল্লেখ্য, ‘জনসন এন্ড জনসন’ কোভিড টিকা এক ডোজই যথাযথ সুরক্ষা প্রদান করে। এই টিকা গ্রহণকারীদের ২য় বার টিকা গ্রহণ করতে হবে না। এই ভ্যাকসিন সিঙ্গেল ডোজ হিসেবেই প্রস্তুত করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



