সিলেট-৩ আসনে উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে ঋণখেলাপিদের চিহ্নিত করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মূলত; যারা উপনির্বাচনে প্রার্থী হবেন, তাদের কারো খেলাপি ঋণ আছে কিনা, সেই তথ্য জানাবে অর্থ মন্ত্রণালয়।
রোববার (০৬ জুন) ঋণ খেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব বরাবরে চিঠি দিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।
শুধু সিলেট-৩ আসনই নয়, ওই দিন অনুষ্ঠিতব্য ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঋণ খেলাপির তথ্য চেয়েছে ইসি।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের উদ্যোগ নেয় ইসি। এ উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা প্রার্থী হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন।
উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। ২৪ জুন হবে প্রতীক বরাদ্দ।
মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আইন ও বিধি অনুসারে ঋণখেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
উল্লিখিত নির্বাচনে ঋণখেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিল করলে যেন তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সেজন্য আইনে নির্ধারিত সব ব্যাংক হতে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।’
‘মনোয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং সে আলোকে বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা দেয়া প্রয়োজন।’
চিঠিতে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে দেয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকার নির্দেশনা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



