শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার (০৬ জুন) দুপুরে নগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ‘ট্যাক্স নয় ক্লাস চাই’ স্লোগানে আজ রাস্তায় নেমেছিলো সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনীষা ওয়াহিদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন শাবিপ্রবি শিক্ষার্থী সাত্ত্বিক বন্দোপাধ্যায়, এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম,আলী হোসেন, মহিলা কলেজের তানজিনা বেগম, মদন মোহনের শিক্ষার্থী মাসুদ রানা, মেট্রোপলিটনের শিক্ষার্থী তারেক চৌধুরী, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী জুমায়েল বক্স, কাজী পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে করোনা পরিস্থিতির অজুহাতে দীর্ঘ ১৫ মাস যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হাট বাজার, অফিস অাদালত, শপিংমল সবকিছুই চালু। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকারের এই সতর্কতার বাণী কার্যত অথর্বতায় পরিণত হয়েছে৷
গত ১৫ মাসে কোন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে, শিক্ষা মন্ত্রনালয় বারেবারেই ছুটি বাড়িয়েছে৷ যা ক্রমশই শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ধ্বংস করছে৷ ক্যাম্পাস বন্ধ থাকায় ছাত্রদের অসংগঠিত অবস্থার সুযোগ নিয়ে এবার প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫শতাংশ ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
বিগত সময়েও বারেবারে শিক্ষা প্রতিষ্ঠানের উপর করের বোঝা চাপানোর চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়েছে৷ অথচ এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিগত সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণ ট্যাক্স প্রস্তাব করা হয়েছে। যা নানা কৌশলে ছাত্রদের কাছ থেকে আদায় করা হবে৷
বক্তারা আরো বলেন, সরকার ক্যাম্পাস বন্ধ রেখে বিভিন্ন সময় ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার কথা বললেও এক্ষেত্রে ছাত্রদের আর্থিক সুরক্ষার দিকটি বিবেচনা করেনি৷ ফলে এটি অত্যন্ত স্পষ্ট যে, অনির্দিষ্টকাল ধরে ক্যাম্পাস বন্ধ রাখা কোনভাবেই ছাত্রদের স্বার্থে নয় বরং ছাত্রদের উপর বিভিন্ন অন্যায় অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার স্বার্থেই করা হচ্ছে। আবার এটি শুধু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়৷ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর যেভাবে অন্যায় সিদ্ধান্ত চাপানো হল। সেরকম নানা অন্যায় সিদ্ধান্ত ভবিষ্যতেও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উপর চাপানো হতে পারে৷ ফলে আমরা বাধ্য হয়ে ‘ ট্যাক্স নয় ক্লাস চাই ‘ এই দাবিতে রাস্তায় নেমেছি।
পরবর্তীতে অবরোধ কর্মসূচি থেকে মিছিল সহকারে কামরান চত্বরে আসেন আন্দোলনকারীরা। দাবি না মানলে ছাত্র আন্দোলনগণ আন্দোলনে রূপ নিবে বলে হুশিয়ারি দিয়ে কর্মসূচির সমাপ্তি টানা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



