দক্ষিণ আফ্রিকার থাবাংচুতে বাংলাদেশি ব্যবসায়ী গোলাম মোস্তফা মাসুদকে (৩৭) হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল তার প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে হত্যা করে। এ সময় ফেনীর দাগনভূঞা উপজেলার সাখাওয়াত হোসেন নামের একজনকে পায়ে গুলি করে সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় পালিয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। মাসুদ নোয়াখালীর সেনবাগের কাবিলপুর গ্রামের সাবেক মেম্বার মৃত জয়নাল আবদিনের পুত্র।
প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও চিত্রে আদরের সন্তানকে গুলি চালিয়ে হত্যা করছে ওই দৃশ্য দেখে বৃদ্ধ মা আনোয়ারা বেগম (৭৫) জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারে চলছে শোকের মাতম।
অস্ত্রধারী সন্ত্রাসীরা এসময় ব্যবসা প্রতিষ্ঠানটির সকল মালামাল লুট করে নিয়ে যায়। আজ শনিবার সকালে নিহতের বড় ভাই কবির স্টিল মিলের এজিএম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আফ্রিকান পুলিশ মাসুদের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে থাবাংচুর একটি হাসপাতালের মর্গে রেখেছে।
নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান গোলাম মোস্তফা মাসুদ। সেখানে এক স্বজনকে নিয়ে ব্যবসা করছেন তারা। মাসুদের স্ত্রী, প্রাথমিকে পড়ুয়া আবদুল মাজেদ (৬) ও আরাফাত (৩) নামে দুইটি ছেলে রয়েছে। নিহত ব্যবসায়ী মাসুদ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেশে এসে ২০২০ সালের জানুয়ারীর মাঝামাঝি সময় আফ্রিকার থাবাংচুতে ফিরে যান।
নিহতের প্রতিবেশীরা জানান, আফ্রিকায় অবস্থানরত কয়েকজন নিকটাত্মীয় মাসুদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



