ভারতের কোস্টগার্ডের হাতে বাংলাদেশের তিনটি ফিশিংবোটসহ ৮৮ জন জেলে আটক হয়েছেন। আটক ঐ জেলেদের বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দুপুরে ভারতীয় কোস্টগার্ড বঙ্গোপসাগর থেকে ফিশিংবোটসহ জেলেদের সে দেশের ফ্রেজারগঞ্জে কোস্টগার্ডের ঘাঁটিতে নিয়ে যায়।
কলকাতার দৈনিক বিশ্ব সমাচার পত্রিকার দক্ষিণ ২৪ পরগণার সাংবাদিক অমিত মণ্ডল বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে ইত্তেফাককে জানান, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা থেকে এফবি আল রাফি, এফবি সোনার মদিনা ও এফবি শাহ আমানত নামে বাংলাদেশের তিনটি ফিশিংবোট জব্দ করে। তিনটি বোটে ৫ জন শিশুসহ ৮৮জন জেলে রয়েছেন। ফিশিংবোট ও জেলেদের বুধবার দুপুরে সে দেশের কোস্টগার্ডের ফ্রেজারগঞ্জের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির কমান্ডিং অফিসার এনপি সিং ও ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানার ওসি শুভেন্দু দাসসহ অন্যান্য কর্মকর্তরা। আটক জেলেদের বুধবার রাতে ফ্রেজারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ফিশিংবোট এফবি আল রাফির মালিক ও জেলেদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ। এফবি সোনার মদিনার মালিক ও জেলেদের বাড়ি মহেশখালীর ঘটিভাঙ্গা এবং এফবি শাহ আমানতের মালিক ও জেলেদের বাড়ি চট্রগ্রামের বাঁশখালীর মাংকিরচর।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফ্রেজারগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসক জেলেদের স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ মহকুমা আদালতে চালান দেওয়া হয়েছে বলে সাংবাদিক অমিত মণ্ডল জানিয়েছেন।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন জানান, বাংলাদেশের তিনটি ফিশিংবোট ৮৮ জন জেলেসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন বলে তিনি শুনেছেন।
কোস্টগার্ড পশ্চিমজোন মোংলার লে. কমান্ডার মামুনুর রহমান ইত্তেফাককে জানান, বাংলাদেশি ফিশিংবোট ও জেলে আটকের বিষয়ে ভারতীয় কোস্টগার্ড থেকে একটি ই-মেইল বার্তা পাওয়া গেছে। তিনটি বোটের দুইটি কক্সবাজার ও একটি চট্টগ্রাম জেলার। ফিশিংবোটের মাঝিরা হচ্ছে-শাহআলম, হাসান আলী ও ছবির উদ্দিন। দেশীয় জেলেদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে কোস্টগার্ডের ঐ কর্মকর্তা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



