সিলেটের গোলাপগঞ্জে বিষপানে রোমানা আক্তার রিনি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে, স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত হাসান আহমদ (৩৮) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলি এলাকার গোগারকুল গ্রামের জুনাব আলীর ছেলে। তার স্ত্রী রোমানা আক্তার রিনি গত সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়না তদন্ত শেষে রোমানার মরদেহ পিতৃপক্ষের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন বিকেলে মরদেহ মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, গোলাপগঞ্জের বাদে রনকেলি গ্রামের মো. আক্কাস আলীর মেয়ে রোমানা আক্তার রিনির সঙ্গে ২০১১ সালে পাশ্ববর্তী গ্রাম গোগারকুলের বাসিন্দা গাড়িচালক হাসান আহমদের বিয়ে হয়।
রিনির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে রোমানাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছেন হাসান। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
রোমানার ভাই ইউসুফ আলীর অভিযোগ, সর্বশেষ গত শনিবার মধ্যরাতে রোমানাকে বেধড়ক মারধর করেন তার স্বামী। পরে রাত ১২টার দিকে একই গ্রামে থাকা রোমানার মামিকে ফোন দিয়ে হাসান জানায়, রোমানা বিষ পান করেছে। পরবর্তীতে রাত ১টার দিকে রোমানার মামি সেখানে গিয়ে দেখতে পান- রোমানা বমি করছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে রোমানা মারা যান। তার অভিযোগ, ওই রাতে হাসান জোর করে তার বোনের মুখে বিষ ঢেলে হত্যা করেছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তবে, পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া্ হবে বলে জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



