সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও শক্তি বৃদ্ধি কাজ সম্পন্ন হলে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী করোনাকালীন সময়েও ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজ বন্ধ হয়নি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ওসমানী বিমানবন্দরের কাজ শেষ হলে সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।
তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে সেটি সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার উপযুক্ত। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এরকম টার্মিনাল উপযোগী নয়।
তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের সাথে পরামর্শ করে, তাদের নির্দেশনা মতো এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দওে নতুন আন্তর্জাতিক টার্মিনালে ১১৬টি পাইলিংয়ের মধ্যে প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করা হবে। এরপর কেবল হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
শিগগিরই ঢাকা-নিউইয়র্ক বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনার কথা জানান তিনি।
এছাড়া প্রতিমন্ত্রী বলেন, আগামি ২৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে একটি অডিট টিম আসছে। কিছুদিন পর তাদের দ্বিতীয় টিম আসবে। আমরা আশাবাদী খুব শিগগির নিউইয়র্কের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে পারবো।
সিলেট থেকে যাতে ভবিষ্যতে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করা যায়, এ বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে, বলেও জানান তিনি।
বিমান ভাড়া নিয়ে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কিভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায় এটি নিয়ে চিন্তা-ভাবনা করছেন।
সম্প্রতি বিমানের ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ভাড়া বৃদ্ধিও কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু ভাড়া বৃদ্ধির প্রক্রিয়াটা শুধু বিমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বিষয়। মধ্যপ্রাচ্যগামী কর্মীরা সাধারণ ফ্লাইটের ৪-৫ দিন আগে তাদের ভিসা হওয়ার সংবাদ পান। তাই কম সময়ের মধ্যে টিকেট কাটতে গিয়ে তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। দেড়-দুই মাস আগে টিকেট ক্রয় করা গেলে এই সমস্যা থাকতো না। বরং তারা অর্ধেক মূল্যে টিকেট কিনতে পারতো।
এ সময় মন্ত্রীর সাথে বিমানবন্দরের কর্মকর্তা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



