সিলেটে নিজামুল হক লিটন (৩৫) নামে এক ফটো সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুন) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর গঙ্গারামের চক গ্রামে নিজ বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিটন ওই গ্রামের বেলু মিয়ার ছেলে। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ছিলেন এবং দৈনিক মানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, এক ছেলে ও মেয়ের জনক নিজামুল হক লিটন কিছুদিন যাবত মানসিক রোগে ভোগছিল। মানসিক বিকারগ্রস্থতা থেকে তিনি আত্মহত্যা করেন। শুক্রবার ভোরে ঘরের তীরের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম নতুন সিলেটকে বলেন, নিহতের বাবা-মা, ভাই ও স্ত্রীর বক্তব্য অনুসারে, আগে লিটনের মানসিক সমস্যা ছিল। এলাকার লোকজনও ঘটনাটি জানতেন। সেই সমস্যা আবারো দেখা দেয়। যে কারণে কিছুদিন ধরে ঘর থেকে বের হচ্ছিলেন না। এ অবস্থায় শুক্রবার ভোরে ঘরের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠেন এবং পরবর্তীতে থানায় খবর দেন।
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন বলছে এটি আত্মহত্যা। আলামতগুলোও জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



