চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় টাইগার যুবারা। এরপর পঞ্চম ও সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও ব্যর্থ হয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
রোববার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে রাকিবুল-নাবিলদের। বিশ্বকাপের এবারের আসরে অষ্টম হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
উইন্ডিজের মাটিতে শুরু থেকেই ব্যাকফুটে ছিল বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের হারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নাভিদ নেওয়াজের শিষ্যরা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে বাজে হারের পর আমিরাত এবং কানাডাকে হারিয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগে তাদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে আবারও ধাক্কা খায় রাকিবুল বাহিনী। শেষ হয় তাদের বিশ্বকাপের স্বপ্নযাত্রা।
টুর্নামেন্টে মূলপর্বে বাংলাদেশের যুবারা সবচেয়ে বেশি ভুগেছে ব্যাটিংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগার যুবারা প্রথমে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে। ৩৫.২ ওভার মোকাবিলা করে এ রান করতে তারা। অন্যদিকে ইংলিশ যুবারা লক্ষ্যে পৌঁছাতে খেলে ২৫.১ ওভার। ম্যাচটি ৭ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ।
অবশ্য পরের দুই ম্যাচে দুর্বল কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিল যুব দলের ব্যাটাররা। তবে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আবার রানখরায় ভোগে যুবারা। এবার ৩৭.১ ওভার মাঠে থেকে তাদের সংগ্রহ মাত্র ১১১ রান। ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত। অথচ এই ভারতকে গত আসরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আকবররা।
এর পর স্থান নির্ধারণী দুটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারে বাজেভাবে। তবে এবার আর রানখরায় নয়, ব্যাটাররা জ্বলে উঠলেও নিষ্প্রদীপ ছিল বোলাররা। এই দুই ম্যাচেই দারুণ সেঞ্চুরি করে আলোচনায় এসেছে আরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আরিফুল ১১৯ বল মোকাবিলা করে খেলে ১০০ রানের একটি ঝকঝকে ইনিংস। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ বল মোকাবিলা করে খেলে ১০২ রানের ইনিংস।
যুব বিশ্বকাপের চলতি আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার সেঞ্চুরিতে সর্বোচ্চ ২৯৩ রান সংগ্রহ করে ভারত। তারপরও ম্যাচটি ২ উইকেটের ব্যবধানে হারে যুবারা। অন্যদিকে, সেরা উইকেট শিকারির তালিকায় চতুর্থ অবস্থানে আছে টাইগার পেসার রিপন মণ্ডল। অপ্রাপ্তির তালিকায় প্রাপ্তি আরিফ আর রিপনের পারফরম্যান্স।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



