ষষ্ঠ ধাপে সিলেট জেলার ১৫ টিসহ বিভাগের ২৫ ইউপিতে আজ সোমবার (৩১ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ৫টি উপজেলার ১৫টি ও হবিগঞ্জের ২টি উপজেলার ৮টি ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ভোটাররা।
এরইমধ্যে এসব ইউনিয়নে ভোট গ্রহণের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তবে সিলেট জেলার দেড়শ’টি কেন্দ্রের মধ্যে প্রশাসন ১৩৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ণয় করে নিরাপত্তা ছক সাজিয়েছে। মোতায়েন করা হয়েছে দেড় সহস্রাধিক পুলিশ ফোর্স। জেলা পুলিশের অধীনস্থ ১৩১ কেন্দ্রগুলোর প্রতিটিতে ১টি করে স্ট্যান্ড বাই টিম, ৪৬টি মোবাইল টিম, ১১টি চেকপোস্ট, ৬টি স্ট্রাইকিং টিম, সাদা পোষাকে ৪টি টিম, থানায় রিজার্ভ ৪টি টিম, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯টি টিম ছাড়াও সাদা পোষাকে আরও ৪২ জন এবং তদারকিতে ৮ জন উর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। সর্বমোট ১ হাজার ২৬২ জন ফোর্স মোতায়েন থাকবেন জেলা পুলিশের অধিনে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. লুৎফর রহমান বলেন, জেলার অধীনস্থ ইউপিগুলোর ১৩১টি কেন্দ্রের সব ক’টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বিবেচনায় নিয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এছাড়া এসএমপির আতওতাধীন কামালবাজার ও তেঁতলী ইউপিতে ১৯টি কেন্দ্রের ৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বিবেচনায় নেওয়া হয়েছে। দু’টি ইউনিয়নের সব ক’টি কেন্দ্রে ৩৭৫ জন পুলিশ ৩২৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার শুক্কুর মাহমুদ বলেন, গত ১৮ ডিসেম্বর সিলেটের ২৬টিসহ দেশের ২১৯টি ইউপিতে নির্বাচনে তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে আইনী জটিলতার কারণে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ফলে রাত পোহালেই সিলেট জেলার ৫টি উপজেলায় ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তাঁর দেওয়া তথ্য অনুয়ায়ী, সিলেট জেলার ওসমানীনগর, বিশ্বনাথ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলায় ১৫টি ইউনিয়নে ২ লাখ ৭৮ হাজার ৬২ জন ভোটার এবার সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪২ হাজার ৮৮০ এবং মহিলা ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন। এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ৮০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১৬৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫৬৪ জন প্রার্থী রয়েছেন।
এসব ইউনিয়নে ১৫০টি কেন্দ্রে স্থায়ী-অস্থায়ী ৭৯৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কক্ষে একটি করে ইভিএম মেশিন থাকবে জানিয়ে জেলা নির্বাচন অফিসার শুক্কুর মাহমুদ বলেন, অতিরিক্ত হিসেবে ৫০ ভাগ ইভিএম মেশিন মজুত রাখা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত ৮৮ এবং সাধারণ ওয়ার্ডে ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউপিতে মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৭০৪ জন ভোটার রয়েছেন। তন্মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৩৪ জন এবং নারী ৭২ হাজার ১৭০ জন। তারা ৭৮টি কেন্দ্রে ও স্থায়ী-অস্থায়ী ৪২৯টি কক্ষে ভোট প্রদান করবেন।
বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চী ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ২৫ ও সাধারণ সদস্যপদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই ইউপিতে ৪৫ হাজার ৩২৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ২৩ হাজার ৫৩৪ এবং নারী ২১ হাজার ৭৯৫ জন। তারা ৯৩ কেন্দ্রের ১১৮ কক্ষে ভোট দেবেন।
দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ও কামালবাজার ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত ২০ ও সাধারণ সদস্য পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পক্ষান্তরে ২৫ হাজার ভোটারের মধ্যে পুরুষ ১৩ হাজার ২২২ এবং নারী ১২ হাজার ৪৩৩ জন রয়েছেন। তারা ১৯ টি কেন্দ্রের ৮২টি কক্ষে ভোট দেবেন।
গোয়াইনঘাটের পূর্ব ও পশ্চিম আলীরগাও ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত ২২ ও ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই ইউপিতে ৩০ হাজার ৬৮০ ভোটারের মধ্যে পুরুষ ১৫ হাজার ৮২৯ এবং নারী ১৪ হাজার ৮৫১ জন রয়েছেন। তারা ১৮টি কেন্দ্রে ৮৪টি কক্ষে ভোট দেবেন।
এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউপিতে ২৯ হাজার ৬৯৪ জন ভোটারের মধ্যে পুরুষ ১৫ হাজার ৭৬১ এবং নারী ১৩ হাজার ৯৩৩ জন ১২টি কেন্দ্রের ৮৫ কক্ষে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



