নির্বাচনকে ঘিরে রাষ্ট্রপতির সংলাপে সকল রাজনৈতিক দল অংশ নিলেও বিএনপি তাতে অংশ নেয়নি।প্রকৃতপক্ষে বিএনপি নানা রোগে আক্রান্ত বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে মানুষ খুশি। কিন্তু বিএনপি অসন্তোষ্ট। সব কিছুতে তাদের না। এ অবস্থান থেকে তাদের সরে আসতে হবে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামীলীগের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রীতিমতো টাকা পয়সা খরচ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা এ ধরনের কাজ করছে তারা দেশ বিরোধী। বাংলাদেশকে সাহায্য সহায়তা না দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন দেশে চিঠি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি বুঝতে পারছে যে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। আর এই অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে।
তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না। দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। দেশবিরোধী বা সরকার বিরোধীপক্ষ ফেসবুকে অপপ্রচার চালালে সেগুলোকে মিথ্যা হিসেবে সবার সামনে তুলে ধরা উচিত। তাছাড়া দেশের সাড়ে ৮ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। গাড়িতে, বাসে, ট্রেনে এমনকি বাথরুমে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এই মাধ্যমটাকে কাজে লাগাতে হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর তথ্যমন্ত্রী সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বেতার এবং পরে টেলিভিশন কেন্দ্র পরিদর্শন করেন। এরও আগে তিনি নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। বিকেলে বিমানের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



