উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করে মামলা দিয়েছে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক দেশবরেণ্য কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার ভোর রাতে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে সহায়তা করতেই পারে। আন্দোলনের সহায়তা করা কোন অপরাধ নয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর একটা স্মারকগ্রন্থে আমার কাছে একটা লেখা চেয়েছিল। সেই লেখাটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে দশ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে। আন্দোলনের ফান্ডে দিতে এই সম্মানীর টাকাটা আমি নিয়ে এসেছি। এই টাকাটা দিচ্ছি, তোমরা রাখো। সাবেক শিক্ষার্থীরা টাকা দিয়ে সহায়তা করে অপরাধ করলে এবার আমাকেও অ্যারেস্ট করুক পুলিশ।
এসময় জাফর ইকবাল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের অবস্থার কথা শুনে কেঁদে ফেলেন।
এ সময় সঙ্গে থাকা ড. ইয়াসমিন হকও বলেন, ঢাকা থেকে আসার আগে একজন আমাকে বলেছিলেন শাবিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ। আমিও এই বিশ্ববিদ্যালয়ে এখন বহিরাগত, আমি আমার শিক্ষার্থীদের কাছে এসেছি। আমিও বহিরাগত আমাকেও গ্রেফতার করুক। এবার আমাকে অ্যারেস্ট করুক।

এরআগে ভোর ৪টা ২২ মিনিটে জাফর ইকবাল শাবি ক্যাম্পাসে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় ফটক থেকে পায়ে হেঁটে অনশনরত শিক্ষার্থীদের কাছে যান তিনি। সেখানে শিক্ষার্থীদের অনশন ভাঙতে অনুরোধ করেন।
এসময় অনশনকারীদের উদ্দেশ্যে ড. জাফর ইকবাল বলেন, আজ তোমাদের ওসিলায় বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে। তোমাদের আন্দোলনে দেশের ৩৪ ভিসির ঘুম নষ্ট হয়ে গেছে।
ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের বলেন, তাদের সঙ্গে বাসায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে। তোমরা যা চাইছো, তোমাদের যে দাবি, সেটা পূরণ হবে। তোমাদের ওসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে। তাদের সঙ্গে আলোচনার পর আমরা দেরি করিনি, সরাসরি এখানে চলে এসেছি। আমরা তোমাদের অনশন না ভাঙিয়ে যাব না।
কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে ২০১৯ সালে অবসরে যান।

শিক্ষার্থী আন্দোলনের খরচ নির্বাহের জন্যে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে ঢাকা থেকে সাবেক পাঁচ সাস্টিয়ানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের সিলেটে আনার পর জালালাবাদ থানায় মামলা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ। এর মধ্যে হাবিবুর বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করেছেন। একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



