ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে সিলেটের বিয়ানীবাজার কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন আব্দুল হাসিব নামে এক জেলে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের আলীপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার ৫ ঘন্টা অতিবাহিত হলেও নিখোঁজ হাসিবের কোনো সন্ধান মিলেনি।
২ সন্তানের জনক নিখোঁজ আব্দুল হাসিব শেওলা ইউনিয়নের আব্দুল্লাহপুর কোনোপাড়া গ্রামের ইসমাইল আলীর ছেলে। তিনি পেশায় মৎসজীবী।
প্রত্যক্ষদশী জায়দুল ইসলাম বলেন, রাতে নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এসময় নৌকা দিয়ে জাল পানিতে ফেললে ড্রেজারের মেশিন চালানো হয়। মাছ ধরায় বিঘ্ন ঘটানোয় প্রতিবাদ করতে গেলে আব্দুল হাসিবের সঙ্গে ড্রেজার শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ড্রেজারে থাকা শ্রমিকরা উত্তেজিত হয়ে ইট-পাথর দিয়ে ঢিল মারতে থাকে। একটি ঢিল আব্দুল হাসিবের মাথায় পড়লে তিনি জ্ঞান হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।


আটককৃত ড্রেজার শ্রমিকরা
স্থানীয়রা জানান, বিয়ানীবাজারের বৈরাগী এলাকা থেকে হাসিবসহ ২ জন নৌকায় ছিলেন। ইটের আঘাতে হাসিব নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। অপরজনও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক স্থানীয় জনতা ড্রেজারে থাকা ৮ শ্রমিককে আটক করে রাখেন। খবর পেয়ে রাত ১২টার বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ড্রেজারে থাকা ৮ শ্রমিককে জনতা পুলিশ সৌপর্দ করেন।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিনসহ এলাকার লোকজন ঘটনাস্থলে যান। প্রশাসন ও এলাকার লোকজন হাসিবের সন্ধানে রয়েছেন, জানান। তবে তিনি বেঁচে আছেন কিনা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করা হয়। এতে করে নদী ভাঙন দেখা দেয়। তাছাড়া রাতে জেলেরা মাছ শিকার করেন। কিন্তু ড্রেজার মেশিনের শব্দে মাছ শিকার করতে পারেন না।
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী হাসান বলেন, কথা কাটাকাটির জের ধরে ড্রেজার থেকে শ্রমিকরা ইট-পাথর দিয়ে দিয়ে ঢিল মারেন। এতে ২ জেলে আহত হন এবং তাদের মধ্যে আব্দুল হাসিব কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিয়ানীবাজার দমকল বাহিনীকে তলব করেছি। কিন্তু ডুবুরি সিলেট থেকে ডুবুরি আসতে হবে। তাই তারা সকালে এসে উদ্ধার অভিযান পরিচালনা করবেন। এছাড়া আটককৃত ৮জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



