মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কোম্পানীগঞ্জের দয়ারবাজার এলাকার বিল্লাল আহমদ। গত ১০ মে সন্ধ্যায় ছদ্দবরণে যাত্রীবেশী এক ছিনতাইকারী ভাড়ায় বুড়িডহর গ্রামে যাওয়ার জন্য ৩৫০ টাকায় চুক্তি করে। এদিন সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে স্থানীয় সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে যাওয়ামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুই ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দেয়।যাত্রীবেশী ছিনতাইকারীসহ তিনজনে মিলে ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে বিলাল আহমদের মোটরসাইকেল ছিনতাই করে নেয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিল্লাল।
সম্প্রতি সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে যাত্রীবেশী ছিনতাইকারীচক্র মোটরসাইকেল ছিনিয়ে নিতে সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ পেলেও কিনারা করতে পারছিলোনা থানা পুলিশ। ছিনতাইয়ের এই ঘটনা জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
তিনি ছিনতাইকারী চক্রকে গ্রেফতারের জন্য বিশেষ নির্দেশনা দেন। তার দেওয়া দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গত রোববার (৩০ মে) থেকে পুলিশ অভিযানে নেমে দু’দিনে কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনার মূলহোতাসহচক্রের সাত সদস্য গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিন বুড়দেও গ্রামের আব্দুস সালামের ছেলে সজল আহমদ (২৪),সিলেট সদরের শাহপরান থানাধীন ইসলামপুর এলাকার মৃত বদরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রায়হান (২০), একই থানার সুরমা গেট এলাকার বশির আহমদের ছেলে আল আমিন হোসেন শিমুল (২০), একই এলাকার আব্দুল মোতালেবর ছেলে জিহাদ (২০), কানাইঘাট থানাধীন ঢালাইচর গ্রামের হারুনুর রশিদের ছেলে আলী হোসেন জনি (২৪), শিবনগর গ্রামের এবাদত রহমানের ছেলে মারুফ আহমদ (২৭) এবং শ্রীপুর গ্রামের মৃত কুতুব আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সজল আহমদ সরাসরি ছিনতাইর ঘটনায় জড়িত। অপর আসামীরা পরস্পর যোগসাজশে ছিনতাইকৃত মোটর সাইকেল একে অপরে নিকট বিক্রি করেছে। ছিনতাইকৃত মোটর সাইকেলটি অভিযুক্ত মারুফের হেফাজত থেকে উদ্ধার করা হয়। আসামী আল আমিন শিমুলের তথ্যের ভিত্তিতে অপর একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যেটি আপাতত চোরাই মটর সাইকেল হিসেবে ধারণা করা হচ্ছে।
সিলেট জেলা পুলিশের তথ্য মতে, গ্রেফতারকৃত সজলের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ, সিলেটের কোতয়ালী এবং এয়ারপোর্ট থানায় ছিনতাইয়ের ঘটনায় ৮টি মামলা রয়েছে। আসামী রায়হানের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় ২ টি দ্রুত বিচার এবং অপর ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আসামী দুলালের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, হত্যা চেষ্টাসহ মোট ৪ টি মামলা রয়েছে। ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান নতুন সিলেটকে বলেন, সাম্প্রতিককালে কোম্পানীগঞ্জসহ বেশ কিছু এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় কোম্পানীগঞ্জ, কানাইঘাট থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একাধিক টিম লাগাতার অভিযান চালিয়ে মূলহোতাসহ ছিনতাইকারীচক্রের সাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।তাদের তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে ২টি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যসহ ছিনতাইকৃত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



