সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে আব্দুর রব (৪৫) নামে এক সাংবাদিকের হাত-পা কাটলো সন্ত্রাসীরা। হত্যা মামলার সাক্ষি হওয়ায় তার উপর এই হামলা চালানো হয়।
রোববার (১৬ জানুয়ারি) বেলা ১টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডোনা সীমান্তবর্তী লোহাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রব কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও স্থানীয় একিটি দৈনিকের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল বলেন, স্থানীয় নজরুল ইসলাম নজু হত্যা মামলার সাক্ষি হয়েছিলেন আব্দুর রব। এই বিরোধের জেরে আসামিরা তাকে হত্যার উদ্দে্শ্যে হামলা করে। হামলাকারীরা আব্দুর রব’র হাত ও পায়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাংবাদিক আব্দুর রব লোহাজুরি জামে মসজিদের নির্মাণ কাজ দেখে নিজ বাড়ীর এরালিগুল গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে এরালিগুল মসজিদের সামনের সড়কে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।
এ বিষয়ে কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযানে রয়েছে।
স্থানীয়রা বলেন, সাংবাদিক আব্দুর রব’র উপর হামলাকারীরা কয়েক মাস আগে এরালীগুল গ্রামের নজরুল ইসলাম নজুকে হত্যা করে। ওই হত্যা মামলার অন্যতম স্বাক্ষি ছিলেন আব্দুর রব। হত্যাকান্ডের মাস্টার মাইন্ড একই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আলা উদ্দিন মড়ই‘র নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
হামলায় নাম উঠে এসেছে মড়ইর ছেলে নজু হত্যা মামলার আসামী জুনেদ আহমদ, মিকির পাড়া গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল কাইয়ূম, মাহিন আহমদ, একই গ্রামের হাসন রাজার ছেলে আব্দুশ শহিদ, আলা উদ্দিনের ছেলে ফখর উদ্দিনসহ আরো ৪/৫ জন হামলায় অংশ নেন। সাংবাদিক আব্দুর রব হত্যার মামলার সাক্ষী হওয়ার কারনে সম্প্রতি তাকে কয়েকবার প্রাণে হত্যারও হুমকি দেন মড়ই গংরা। এরই জের ধরে তাকে প্রাণে হত্যার চেষ্টা করেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই হাত ও পায়ে উপোর্যপুরি কপিয়েছে। তার একটি পায়ের হাড় কেটে গিয়ে মারাত্মকভাবে জখম ও ডান হাতসহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সময় তার আত্মচিৎকারে মসজিদের কাজে থাকা এলাকার লোকজন এগিয়ে এসে আব্দুর রবকে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা করেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, হাসপাতাল সূত্র জানায়, সাংবাদিক আব্দুর রবকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর জরুরী ভিত্তিতে তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



