একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, চলচ্চিত্রের শিল্পীরা অনুদানের টাকায় নয়, কাজ করে বেঁচে থাকবে। সে ব্যবস্থা করতে চাই। এটাই হবে আমাদের প্রথম কাজ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ নির্বাচনকে সামনে রেখে রোববার (৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়বেন এ চিত্রনায়ক। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে আছেন চিত্রনায়িকা নিপুণ।
নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়া প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, নিপুণরা আমার কাছে এসে বলল, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। আমি বিষয়গুলো ভেবে নির্বাচনে এসেছি।
তিনি আরও বলেন, সরকার আমাদের সিনেমার জন্য কিছু করতে চায়। প্রধানমন্ত্রীর ভালো লাগার একটা জায়গা বিএফডিসি। জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এই এফডিসি। নিপুণরা এসে বলেছে আপনার মতো মানুষকে আমাদের লাগবে এখানে। উপযুক্ত নেতৃত্বের অভাব। এসব ভেবে রাজি হয়েছি।
কাঞ্চন-নিপুণ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়বেন সাইমন সাদিক। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নিরব থাকছেন ভোটের মাঠে। এ ছাড়া এ প্যানেলে থাকবেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, চিত্রনায়িকা নূতনসহ অনেকেই।
সংবাদ সম্মেলনে তারাও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদুল আলম খসরু, শামসুল আলম, নির্মাতা বদিউল আলম খোকন প্রমুখ।
আগামী ১১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করবেন কাঞ্চন-নিপুণ। পরদিন জমা দেবেন। তারপর আনুষ্ঠানিক প্যানেল ও ইশতেহার ঘোষণা করবেন তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



