শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি-
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদ স্বরূপ সিলেটে রাস্তায় প্রতীকী ক্লাস করলেন শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এসময় বই খাতা হাতে শিক্ষার্থীরা রাস্তায় প্রতীকী ক্লাসে পাঠগ্রহণের আয়োজন করেন। ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচী এদিন সকাল সাড়ে ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পালিত হয়।
প্রতীকি ক্লাসে শিক্ষকতা করেন সিলেট লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস। প্রতীকী ক্লাসে আন্দোলনে অংশ নেওয়া সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতীকী ক্লাস পরবর্তী পথসভায় শিক্ষার্থীরা বলেন, দেশের অফিস-আদালত, কারখানা সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিরাও স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের বেলায় স্বাস্থ্যবিধি মেনে কেনো ক্লাস চালু করা যাবে না। প্রতীকি ক্লাসের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে তারা বার্তা পৌছাতে চান যাতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়া শিক্ষার্থীরা মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পড়ছে। বাড়িতে ঘর বন্দি শিশু শিক্ষার্থীরা মোবাইল ও ট্যাবে আসক্ত হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সেশনজটে চাকরীর বয়স হারাচ্ছে। মোট কথা একটি জাতির ভবিষ্যত অন্ধকারের দিকে হাটছে।
বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাজে অকাজে জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষাও তেমনি ধ্বংসের পথে। কিন্তু সরকারের এসব শিক্ষার্থীদের নিয়ে কোনো পরিকল্পনাই করছে না। গত দেড় বছরেও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি সরকার। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোরদাবি জানানো হয়।
পরিচালনা করেন মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা। সূচনা বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিক। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু শেখ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী অসীম কুমার বৈষ্মব, মসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আখি, রাকিবুল হাসান ও মদন মোহন কলেজের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম মাহিন পথসভায় বক্তব্য রাখেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



