ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
তবে কী কারণে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন না বিষয়টি সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্পষ্ট করে কিছু না বললেও সিলেট মহানগর আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে অশোভন কথাবার্তা বলে থাকেন তাছাড়া আরও বেশ কিছু জন সম্পৃক্ত কারণ রয়েছে যে কারণে তারা সিসিকের দেয়া পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাবেন না।
সংবর্ধনায় না গেলেও বুধবার পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করাসহ অন্য সব ধরণের কর্মসূচিতে তারা থাকবেন বলেও জানান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
নতুনসিলেট২৪ডটকম / ২৯ ডিসেম্বর ২০২১ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



