সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, পরিবেশ ও উন্নয়ন প্রতিপক্ষ নয়। পরিবেশ বজায় রেখেই হাওরের উন্নয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের সম্পদ বিনষ্ট হচ্ছে। অকাল বন্যায় ফহলহানী হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য হাওরের তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ছাতকে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এবং একশন এইড এর সহযোগিতায় ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি নীতিনির্ধারক’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম ও এমদাদুল হক মিলনের সঞ্চালনায় উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহেদ মজনু, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান, ছাতক চুনাপাথর আমদানিকারক সমিতির সদস্য ইয়ামিন শাহরিয়ার ইনু, সিদ্দিকুর রহমান, আকবর আলী প্রমুখ।
সংসদ সদস্য মুহিবুর রহমান আরও বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার এলাকায় আকস্মিক বন্যার কারণে ফসল নষ্ট হচ্ছে। হাওরে মাছের উৎপাদন কমে গেছে। ফসল ছাড়াও জানমালের ব্যাপক ক্ষতি করে।
উপস্থিত তরুণদের নানা প্রশ্নের জবাবে মুহিবুর রহমান মানিক আরও বলেন, আমাদের বনভূমি রক্ষা করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। হাওরের মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। সবাইকে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এজন্য তরুণ প্রজন্ম সহ দেশের সকল মানুষ কে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, তরুণ প্রজন্মকে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এজন্য পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা উপজেলা পর্যায়ে নীতিনির্ধারকদের সাথে কয়েকটি সংলাপ করে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সংলাপ করেছে। আজ আমরা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর সাথে সংলাপ করেছি। বৃহস্পতিবার কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এর সাথে সংলাপ করব। জেলা, উপজেলা ও সংসদ সদস্যের সাথে সংলাপের সার সংক্ষেপ সেখানে তুলে ধরা হবে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



