দরপত্র সংক্রান্ত অতি গোপনীয় রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ নথিপত্র না দেখানোয় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক প্রকৌশলীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সিলেট মহানগর যুবলীগ নেতা পরিচয় দেওয়া শামীম আহমদ।
এ ঘটনায় বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন গতকাল বুধবার বিকেলে সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি(জিডি নং-২১৯৩) করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার(২১ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে শামীম আহমদ নামের এক ব্যক্তি যুবলীগ নেতার পরিচয় দিয়ে দরপত্রসংক্রান্ত নথিপত্র দেখানোর জন্য তাঁকে চাপ দেন। একপর্যায়ে তিনি নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে বাইরে দেখে নেওয়ার হুমকি দেন। এতে ওই প্রকৌশলী শঙ্কিত হয়ে থানায় জিডি করেন।
প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ বিষয়ে বলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।উনারা উপস্থিত হওয়ার পর প্রায় ১০ মিনিট পর যুবলীগ নেতা পরিচয়ে শামীম আহমদ নামের ব্যক্তি আমার কক্ষে প্রবেশ করেন। এসময় তিনি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। একপর্যায়ে শামীম আমার বার্ষিক ক্রয়সংক্রান্ত দরপত্র তার হাতে তুলে দিতে আমাকে আমাকে চাপ প্রয়োগ করেন। রাজি না হওয়ায় একপর্যায়ে অকথ্য গালিগালাজ করে আমার ছবি তোলে নেন এবং বাইরে বের হলে দেখে নেওয়ার হুমকি দেন। এসময় রুমে থাকা ছাত্রলীগ নেতারা তার এই আচরণের প্রতিবাদ করলে তিনি স্থান থেকে সটকে পড়েন।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, বিদ্যুৎ কর্মকর্তার অফিসে বসা থাকাবস্থায় আগন্তক ব্যক্তি বিদ্যুৎ বিভাগের কিছু কাগজপত্র নিতে আসেন। অফিসিয়াল ওইসব কাগজপত্র না দেওয়ায় প্রকৌশলীর ওপর ক্ষুব্দ হয়ে খারাপ আচরণ করেন। এর প্রতিবাদ করে লোকটিকে বাইরে বের করে দিয়েছি।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত যুবলীগ নেতা পরিচয়ধারী শামীম আহমদের সঙ্গে একাধিকবার তাঁর মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ ধরেননি।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, নগরের বাগবাড়ির বাসিন্দা শামীম আহমদ নামে যুবলীগের কেউ নেই। আর মহানগর কমিটি পূর্ণাঙ্গ নয়। মহানগর কমিটিতে যুবলীগে সভাপতি ও সেক্রেটারি ছাড়া আর কেউ নেই। সে যদি অপরাধ করে থাকে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, যুবলীগের নাম ভাঙিয়ে প্রকৌশলীকে হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



