সিলেটের ঠিকাদার নজরুল ইসলামের (৪৩) ১২ দিন থেকে হদিস মিলছে না। প্রযুক্তিসহ নানাভাবে নিখোঁজ নজরুল ইসলামের সন্ধানের জন্য তৎপরতা চালালেও তার অবস্থান নিশ্চিত হতে পারছে না পুলিশ।
তিনি সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের গুপ্তরগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম গত রোববার (১২ ডিসেম্বর) এসএমপির জালালাবাদ থানায় তার স্বামী নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়রি করেন (নং-৫৫৫)।
পুলিশ জানায়, গত শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঠিকাদার নজরুল ইসলাম জালালাবাদ থানাধীন পাঠানটুলা মোহনা ৮৩ নম্বর বাসা থেকে কাজের জন্য সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন নোয়াখালি বাজারের উদ্দেশ্যে বাসা থেকে একা বের হন। ওইদিন রাত থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। নজরুল ইসলামের সন্ধানের জন্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও তার কোন সন্ধান মিলেনি।
সাধারণ ডায়রির তদন্ত কর্মকর্তা এসআই লোকমান হোসেন জানান, ঠিকাদার নজরুল ইসলাম নিখোঁজের রহস্য উদঘাটনের পাশাপাশি তার সন্ধানের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সেই সাথে তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তি সহায়তা নিলেও অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে পুলিশ তার সাথে কারো ব্যবসায়ীক দ্বন্ধ কিংবা পারিবারিক কোন কারণ ছিলো কি না সেবিষয়টি তদন্ত করে দেখছে।
বিষয়টি নিশ্চিত করেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম। তিনি জানান, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে তাদের। দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে বসবাস করে তার স্বামী ঠিকাদারীর ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সাথে কারো বিরোধ ছিলো বলে তার জানা নেই বলে জানিয়েছেন। বাসা থেকে বাহির হওয়ার সময় তার পরনে ছিলো পাঞ্জাবি। তিনি সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলেন।
নজরুল ইসলামের মেয়ের জামাই তারিফ মনোয়ার জানান, ১২ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তার কোন সন্ধান পাচ্ছে না। যার জন্য পরিবারের প্রতিটি সদস্য উদ্বিগ্ন। শ্বশুরের সাথে কারো দ্বন্ধ না থাকলেও তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। সেই সাথে সিলেটসহ বিভিন্ন জায়গা তার ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করেও যাচ্ছে সুনামের সাথে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



