সিলেটের বালাগঞ্জে দিরাজ পাল (৬৩) নামে ব্রিকস ফিল্ড ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ মে) জুম্মার নামাজের সময়ে উপজেলার গরহপুর এলাকার রতরপুর গ্রামের জিবিসি ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।
দিরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেন্ত্র কুমার পালের ছেলে ও দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবুর চাচা।
নিহতের ভাতিজা সাংবাদিক দেবাশীষ দেবু ও পুলিশ জানায়, জুম্মার নামাজ চলাকালে ব্রিকস ফিল্ডের অফিস কক্ষে একা ছিলেন ব্যবস্থাপক দিরাজ পাল। এমন সময় দুর্বৃত্তরা হামলা করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারী দুর্বৃত্তরা অফিস কক্ষের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা পয়সা ও জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনার সময় দিরাজ পালের চিৎকার শুনে স্থানীয়রা জুম্মার নামাজ থেকে দৌড়ে এসে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এ ঘটনাটি কারা ঘটিয়েছে এখনো সনাক্ত করা যায়নি। এ বিষয়ে স্থানীয় জনতা, ব্রিক ফিল্ডের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



