পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে চীন বিশ্বে নতুন ক্রমবর্ধমান উন্নয়নের এক রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। সভ্যতার ক্রমবিকাশের মাধ্যমে চীন তাদের নিজস্ব স্বকীয়তায় উন্নতির পাশাপাশি বৈশ্বিক আধুনিকায়নে জোরদার ভূমিকা পালন করছে।
মঙ্গলবার বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের উদ্যোগে গণচীনের কমিউনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ প্লেনারি সেশনের ওপর অনলাইন সেমিনারে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আজ সারাবিশ্ব উন্নয়নের এক সুতোয় চলে এসেছে।
বাংলাদেশকে ওই উদ্যোগে সম্পৃক্ত করায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীনের সরকারকে তাদের ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ প্লেনারি সেশনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্লেনারি সেশনের সাতটি উল্লেখযোগ্য পয়েন্টের ওপর আলোকপাত করে বলেন, এখানে চীনের আগামী দশকের উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চীনের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শি জিনপিং তত্ত্বের অবদান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ চীনের বন্ধুপ্রতিম দেশ।
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনলাইন সেমিনারে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সিল্ক রোড ফোরামের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



