জকিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুর রহমান চৌধুরী নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে বেলাল আহমদ চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের থানাবাজার ফলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক চালক তাৎক্ষণিক পালিয়ে গেছে।
নিহত ফজলুর রহমান চৌধুরী (৭০) বারঠাকুরী ইউপির মিনাপাড়া গ্রামের বাসিন্দা ও গুরত্বর আহত বেলাল আহমদ চৌধুরী (২৭) তার ছেলে। জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, মঙ্গলবার দুপুর অনুমান আড়াইটার দিকে ফয়জুর রহমান চৌধুরীকে নিয়ে তার ছেলে বেলাল আহমদ মোটরসাইকেল যোগে জকিগঞ্জ শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে থানাবাজার ফলাহাট এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা উভয় গুরত্বর আহত হন। স্থানীয়রা পিতা-পুত্রকে দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে কর্মরত চিকিৎসক ফজলুর রহমান চৌধুরীকে মৃত ঘোষণা করেন এবং বেলাল আহমদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, পথিমধ্যে হয়তো ফজলুর রহমানের মৃত্যু হয়েছে। তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহত বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ আটক করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



