সিলেটের কৃতি সন্তান, জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ দিনটি উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
তাঁর জন্মদিন উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগের শ্রম ভবনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভার্চুয়ালি ভাষণ দেবেন বলে জানা গেছে।
এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আলোচনা সভায় ‘হুমায়ুন রশীদ চৌধুরী: একজন নায়কের স্মৃতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, খ্যাতিমান কূটনীতিবিদ ও রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
‘স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’র সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।
এদিকে, সিলেটে মরহুমের সমাধিতে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
হুমায়ুন রশীদ চৌধুরী ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রশীদ চৌধুরী এবং মা সিরাজুন্নেসা চৌধুরী। বাবা-মা দু’জনেই ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। হুমায়ুন রশীদ চৌধুরী ২০০১ সালের ১০ জুলাই স্পিকারের দায়িত্বে থাকা অবস্থাতেই মারা যান।
তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালিয় ভাষায় কথা বলতে পারতেন তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



