১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছিলেন একবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য শাহ শফিক মিয়া।
শনিবার বিকাল ৩টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি প্রচারণায় বের হন। এ সময় সমর্থকরা শফিক মিয়ার তালা প্রতীকের মিছিল শুরু করেন। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে যাওয়া মাত্রই শফিক মিয়া মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সেখান থেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোটভাই শাহ জবির মিয়া বলেন, আমার ভাইয়ের বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। তার ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, নির্বাচনী এজেন্ট ফরম সংগ্রহের জন্য দুপুরের দিকে শফিক মিয়া নির্বাচন অফিসে এসেছিলেন। তার মৃত্যুর পর এই ওয়ার্ডের অন্য প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও মিছিল শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়ার্ডে শফিক মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম জফুর বলেন, উনার মৃত্যুতে নির্বাচনী আমেজ অনেকটাই ভাটা পড়ে গেছে। প্রতিহিংসা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। আমারও খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



