নতুন সিলেট প্রতিবেদক:: সিলেট-তামাবিল সড়কে ১৮ ঘন্টার ব্যবধানে ট্রাক চাপায় তিনজন যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মে) রাতের প্রথম প্রহর দেড়টার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জাফলং থেকে সিলেটগামী একটি ট্রাক দরবস্থ এলাকায় পৌছামাত্র রাস্তার পাশে ওয়ার্কশপের সামনে অবস্থান করা তিন যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্য হয়।
নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি নয়াগ্রামের সিফত উল্লাহর ছেলে আশিক আহমদ (৩১) একই গ্রামের শহর উল্লাহ মৌলভীর ছেলে সুলতান আহমদ (৩০) এবং ওয়ার্কসপের কর্মচারি গোলাপগঞ্জের সুহেল আহমদ (৩০)। দুর্ঘটনায় সুমন ও সাহেল নামে আরো দুই যুবক গুরুতর আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওমর ফারুক বলেন, দরবস্ত বাজার সংলগ্ন সুহেল আহমদের ওয়ার্কসপে গাড়ির কাজ করাচ্ছিল আশিক ও সুলতান। রাত অনুমান দেড়টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ঘটনাস্থলে পৌছামাত্র রাস্তার পাশে অবস্থান করা ৫ যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশিক, সুলতান ও সুহেল মারা যান। অপর দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এসময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলও গুড়িয়ে দেয় এবং দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকেও ধাক্কা দেয় বেপরোয়া ট্রাকটি। রাত পৌনে ৩টা পর্যন্ত ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার কাজ চালাচ্ছিলো পুলিশ।
এরআগে রোববার সকাল পৌনে ৭টার সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুরের ফেরিঘাটে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। তাদের চারজন একই পরিবারের। অপরজন অটোরিকশা চালক।
নিহতরা হলেন- জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের সাদিয়া বেগম (৩৫), তার মেয়ে সাবিয়া বেগম (৭),চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, নিহত সাদিয়া বেগমের ননদ হবিবুন্নেছা (৩৩) ও উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫)।দুর্ঘটনায় নিহত সাদিয়ার ভাসুড় জাকারিয়া (৫০) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



