বিশেষ প্রতিবেদক:: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল এই আসনে। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেলো নির্বাচন। অবশ্য ওই আসনে নির্বাচনী তফসীল আগামি ৮ জুনের পর ৯০ দিনের মধ্যে ঘোষনার প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওই প্রজ্ঞাপনটিতে গত ২৯ এপ্রিল স্বাক্ষর করেন তিনি।
এতে বলা হয়, জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি গত ১১ মার্চ তারিখে শূণ্য হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূণ্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমন জনিত দুর্বিপাকের কারণে এই দফায় মেয়াদান্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শূণ্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসীল ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট জেলা নির্বাচনী কার্যালয়ের এক কর্মকর্তারা বলেন, ৯০ কার্যদিবস পেছানো গেলেও ১৮০ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে শূণ্য হওয়া সিলেট-৩ আসনে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। এই সময়ের পর নির্বাচন পেছাতে হলে সংবিধান সংশোধন ছাড়া বিকল্প নেই।
গত ১১ মার্চ বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিক মাহমুদ উস সামাদ চৌধুরী ৬৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। পরের দুই নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



