সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই। শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরের মেন্দিভাগ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
অ্যাডভোকেট সৈয়দ আবু নছর বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর নিকটাত্বীয় সাংবাদিক নুরুল হক শিপু বলেন, রোববার বাদ যোহর শাহজালাল শাহজালাল (র.) দরগাহ মসজিদে জানাযা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, সৈয়দ আবু নছরের মৃত্যুর খবর শুনে তাঁর বাসায় ভীড় করে আওয়ামী লীগ নেতারা। মরহুমের মৃত্যুর খবর শুনে বাসায় গিয়ে পরিবার-পরিজনের পাশে দাঁড়ান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলার সহ সভাপতি ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ মো. মোশাহিদ আলী, সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, সৈয়দ আবু নসরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তাঁরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



