করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের জন্য পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। একই সঙ্গে অন্যান্য কয়েকটি দেশের জন্য করোনাভাইরাস পরীক্ষার কড়াকড়ি ও বাড়িতে থাকার বিধি-নিষেধ শিথিলেরও সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার এই নগর রাষ্ট্র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার পর তাদের নাগরিকদের জন্য সিঙ্গাপুর ভ্রমণের বিধি-নিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৬ অক্টোবর স্থানীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিট থেকে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পর্যটকরা সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিট নিতে পারবেন। তবে এ জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগের ১৪ দিনের ভ্রমণের ইতিহাস সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এই ভ্রমণকারীরা সিঙ্গাপুরের চতুর্থ শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় পড়বেন। এসব বিধি-নিষেধের মধ্যে দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের কোয়ারেন্টাইন পালনের নির্দেশ রয়েছে।
এছাড়া মালয়েশিয়া, কম্বোডিয়া, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইসরায়েল, মঙ্গোলিয়া, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সিচেলস, দক্ষিণ আফ্রিকা, টোঙ্গা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভিয়েতনামকে তৃতীয় শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় রাখা হয়েছে। ২৬ অক্টোবর থেকে এসব দেশের পর্যটকরা সিঙ্গাপুরে তাদের নিজেদের আবাসস্থলে অথবা বাসায় ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতে পারবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



