তৃতীয় ধাপে সিলেটের দুই পৌরসভা গোলাপগঞ্জ ও জকিগঞ্জে নির্বাচনে ভোটের মাঠে হেরেও জামানত রক্ষা হচ্ছে না নৌকার প্রার্থীদের। পরাজয়ের পাশাপাশি নিজ নিজ কেন্দ্রে ধরাশায়ী হয়েছেন তারা।
এবার নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে জামাতন হারাতে হবে। সিলেটের দুই পৌরসভায় জামানত হারানোর কাতারে রয়েছেন নৌকা মার্কার প্রার্থীরাও।
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় ২২ হাজার ৯১৬ ভোটের মধ্যে প্রদত্ত ভোট ১৬ হাজার ৫০টি। সে হিসেবে জামানত বাঁচাতে ২ হাজার ৬ ভোট প্রয়োজন। কিন্তু আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট। এ পৌরসভায় মেয়র পদে অন্য কোনো প্রার্থী জামানত হারানোর কাতারে নেই।
তবে সিলেটের জকিগঞ্জ পৌরসভায় ভোটের হিসাবে নৌকা প্রতীকের প্রার্থীসহ মেয়র পদে ৫জন জামানত হারানোর তালিকায় রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পৌরসভায় মোট ১২ হাজার ৩৩৮ ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৯ হাজার ৫২৫টি। জামানত রক্ষায় প্রয়োজন এক হাজার ১৯০ ভোট। অথচ নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান মেয়র মোক্তিযোদ্ধা খলিল উদ্দিন ৬৬৯ ভোট পেয়েছেন। সে হিসেবে তাঁকে জামানতের টাকা হারাতে হচ্ছে।
তাঁর সঙ্গে জামানত খোয়াচ্ছেন আরো চার মেয়র প্রার্থী। এরমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তপাদার ধানের শীষে ৬০৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল মালেক ফারুক ৭৫৯ ভোট, চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্রাহ আল মামুন ১৮৫, হাঙ্গার প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১৫৬ ভোট।
গোলাপগঞ্জ পৌর নির্বাচনের সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী জামানত বাঁচাতে প্রদত্ত ভোটের ৮ ভাগ ভোট পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে জামাতন হারাতে হবে।
তৃতীয় ধাপে নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীকে সর্বোচ্চ ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। এ পৌরসভায় নৌকা প্রতীকে রুহেল আহমদের প্রাপ্ত ভোট ১ হাজার ১৭৫টি। এছাড়া জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক (বহিস্কৃত) আব্দুল আহাদ নারিকেল গাছ প্রতীকে সর্বোচ্চ ২ হাজার ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে মাত্র ২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



