সিলেটে মতবিনিময় সভায় বক্তারা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট জেলা প্রশাসন।
সোমবার (১৮ অক্টোবর)সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দের সকল পক্ষ দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করার বিষয়ে একমত পোষণ করেন।
এছাড়াও সকল ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসন মিলে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রেখে জনগনকে সচেতন করে একসাথে পথচলার অঙ্গীকার করেন।
সভায় নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সহায়ক হবে মর্মে একমত পোষণ করা হয়। বড় বড় ধর্মীয় উৎসবগুলোর পূর্বে সকল ধর্মের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে জেলা পর্যায়ে এবং প্রয়োজনে অঞ্চলভিত্তিক এ ধরনের সংলাপের বিষয়ে একমত পোষণ করেন।
সভায় দলমত, ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে যেকোনো ধরনের ষড়যন্ত্রকে প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এছাড়াও আগামী প্রজন্মকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পরমতসহিষ্ণুতা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যবইগুলোতে এ সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট জেলা পুলিশ মো. মাহফুজ আফজাল।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জামিয়া ক্কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাদ্রাসা মুহতামিম ও উলামা পরিষদ সভাপতি শায়খুল হাদিস মাওলানা মহিবুল হক গাছবাড়ী, উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী ও মাওলানা আহমদ কবির, সাধারণ সম্পাদক মাওলানা হাবিব আহমেদ শিহাব, জাতীয় ইমাম সমিতি মহানগরের সভাপতি মাওলানা এহসান উদ্দিন, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, মহানগর জাতীয় ইমাম সমিতি সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পরিষদের মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন ও সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, পরিষদের মহানগর সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, রামকৃষ্ণ মিশন ও আশ্রম, নবদ্বীপ দ্বীজ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, ইসকন সিলেটের অধ্যক্ষ চন্দ্রনাথা নন্দজী মহারাজ, বন্ধু প্রীতম ব্রহ্মচারী অধ্যক্ষ, জগবন্ধু সুন্দর ধাম।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মহিবুল হক গাছবাড়ীকে বিজয়া দশমীর দিনে তাদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ইসকন সম্প্রদায়ের ঘোষিত কর্মসূচি সীমিত আকারে করায় ধন্যবাদ জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেকোনো পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য কাজ করে যেতে হবে। সরকার সাম্প্রতিক ঘটনায় দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



