নতুন সিলেট প্রতিবেদক:: মাস্কবিহীন চলছিলেন জনৈক পথচারি। অভিযানে থাকা ম্যাজিস্ট্রেটের সামনে পড়তেই মাস্ক না থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। তৎিক্ষনিক ওই পথচারি নিজের অপরাধ স্বীকার করেন। স্বাস্থ্যবিধি আইনে তাকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানের পর পাঁচ টাকার মাস্ক পরে স্থান ত্যাগ করেন ওই পথচারি।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট নগরের সিটি পয়েন্টে এমন ঘটনা ঘটে। এভাবে ৩জনকে জরিমানা করেন অভিযানিক দলের নেতৃত্বে থাকা সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন। স্বল্প সময়ের অভিযানে মাত্র ৩ জনকে স্বাস্থ্যবিধি আইনে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন বলেও জানান তিনি।
সরকার ঘোষিত কঠোর এক সপ্তাহের লকডাউনেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলেছেন সাধারণ লোকজন। বিভিন্ন অজুহাতে বাসা থেকে বের হচ্ছেন। অনেকে ভীড়ের মাঝেও পরছেন না মাস্ক। অনুমতি ব্যতিরেকে অনেকে যানবাহন নিয়ে বের হতে দেখা গেছে। ফলে লকডাউনের পঞ্চম দিনে অনেকটা কঠোর হয়ে মাঠে নামলো প্রশাসন।
জেলা প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে অভিযান চালায়। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের দেখলেই জরিমানা করেছে। এছাড়া অনুমতি ব্যতিরেকে যানবাহন বের করার অপরাধেও শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের উপর মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে অসংখ্য মোটরসাইকেল।
রোববার দুপুরে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও অভিযান চালানো হয়। এসময় সিলেট নগরের ব্যস্ততম সিটি পয়েন্ট অভিযানকালে উপস্থিত ছিলেন এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) জ্যোতিময় সরকার এবং সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন।
ট্রাফিকের উপ কমিশনার ফয়সল মাহমুদ বলেন, কঠোর লকডাউনের শুরু থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে চেষ্টা করে যাচ্ছে পুলিশ। যারা লকডাউনে নীতিমালা মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ যাবত শত শত গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যাদের মাস্ক নেই তাদের ৫০০ টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।
সরেজমিন সিলেট নগরীর কোর্ট পয়েন্টে চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, দক্ষিণ সুরমার কদমতলী, সোহবানীঘাট, মেডিক্যাল রোড, সুবিদবাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা এলাকা ঘুরে দেখা গেছে পুলিশের নজরদারি চোখে পড়ার মতো ছিলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



