পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমানে আমাদের টাকার কোনো অভাব নেই। আমাদের প্রচুর আয় হচ্ছে, টাকা খরচ করার জায়গা পাচ্ছি না। তবে টাকা আছে বলেই যে ইচ্ছেমতো খরচ করবেন সেটি হবে না। সব খরচের হিসাব রাখতে হবে। প্রয়োজন ছাড়া এক টাকাও খরচ করা যাবে না। গতকাল ফরিদপুরের মুন্সিবাজারে নারী উন্নয়ন ফোরাম আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন ও প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমএ মান্নান বলেন, ‘আমরা স্বাধীন জাতি। কারও গোলাম হব না। পাকিস্তান, ব্রিটিশ, ভারত, জাপান, সৌদি আরবসহ আমরা আর কারও গোলাম হব না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে জাদু দেখিয়েছেন। গত পরশু রূপপুরে যে কা- হয়েছে, সেটি অনেকেই জানে না। আমরা পারমাণবিক যুগে প্রবেশ করেছি। আমাদের অনেকের মাথায় আসছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী জাদু দেখিয়েছেন পাবনার রূপপুরে। এর আগেও শেখ হাসিনা অনেক জাদু দেখিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের প্রথম জাদুকর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে জাদু দেখিয়েছেন।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যখন উন্নয়নের মহাশিখরে তরতরিয়ে ওপরে উঠতে থাকি, ঠিক তখনই একটি গোষ্ঠী উন্নয়নের বিরোধিতা করে। তারা দেশের উন্নয়নকে বিশ্বাস করে না। তারা প্রায়ই বলে বেড়ায়- আমরা নাকি ভোট করব না। এসব কথা স্বাধীন দেশের জনগণ কখনই মানবে না।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



