বল হাতে সাকিব আল হাসান করলেন কিপটে বোলিং। সাকিবের ওভারে রান তুলতে না পারায় কোহলি, ডি ভিলিয়ার্স, ম্যাক্সওয়েলরা চড়াও হয়ে রান তুলতে চাইলেন সুনীল নারাইনের ওভারগুলোতে। ব্যাঙ্গালোরের সেরা তিন ব্যাটারই ফিরেছেন নারাইনের শিকার হয়ে। উইকেট না পেলেও টাইগার অলরাউন্ডার বোলিংয়ে রেখেছেন পরোক্ষ ভূমিকা। ব্যাট হাতে নামার সুযোগ পেলেন শেষের দিকে। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। ড্যান ক্রিস্টিয়ানের করা ওভারের প্রথম বলই স্কুপ শটে হাঁকালেন বাউন্ডারি। তাতেই জয়ের কাছে পৌঁছে যায় কলকাতা।
পরের তিন বলে ৩ রান নিয়ে অনায়াস জয় তুলে নেয় কলকাতা। বিরাট কোহলির আইপিএল নেতৃত্বের অধ্যায় শেষ হলো ট্রফি ছাড়াই।
সোমবার শারজাহতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৮ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ২ বল ও ৪ উইকেট হাতে নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।
এলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিলেন সাকিব-নারাইনরা। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।
কলকাতার বোলিং ওপেন করেন সাকিব। বাকি ৩ ওভারও করেছেন নতুন বলে। ২৪ রান দিয়ে উইকেটের দেখা পাননি। হজম করেছেন মাত্র ২ বাউন্ডারি। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে ৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
কোহলিদের প্রথম আইপিএল শিরোপার স্বপ্ন ভেঙে দিয়েছেন নারাইন। এই ক্যারিবিয়ান তারকা ব্যাটে-বলে অলরাউন্ড পারফরমেন্সে হয়েছেন ম্যাচসেরা। ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাট হাতে ঝড় তুলে জয়ের সমীকরণ সহজ করে দেন তিনি। ক্রিসে এসে মুখোমুখি হওয়ার প্রথম দুই বলেই হাঁকিয়েছেন ছক্কা। লকি ফার্গুসনের করা সেই ওভারে ৩ ছক্কায় নেন ২১ রান। ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন নারাইন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



