স্বাস্থ্যবিধির বালাই নেই সিলেটের কোথাও। হাসপাতাল থেকে হাট-ঘাট। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এ অবস্থায় জেলা প্রশাসন সভা-সমাবেশে নিষেধাজ্ঞাসহ ১১টি শর্ত আরোপ করলে যেনো কাজির গরু, আছে কেবল কেতাবেই!
নিষেধাজ্ঞা স্বত্বেও শুক্রবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যবিধি না মেনেই বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন বাদ জুম্মা সিলেটে নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ কর্মসূচী পালনকালে হেফাজত নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি তোয়াক্কা করেননি।মাস্ক ছাড়াই মিছিল-সমাবেশে নেতাকর্মীদের যোগ দিতে দেখা যায়। করোনা থেকে সুরক্ষায় তাদের মধ্যে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

অথচ করোনা থেকে সুরক্ষায় মানুষকে সচেতন করছে জেলা প্রশাসন। সভা সমাবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা! আর স্বাস্থ্যবিধি না মানায় মাঠ পর্যায়ে জেল-জরিমানাও করছে ভ্রাম্যমান আদালত।
একই অবস্থা পরিলক্ষিত হয়েছে মেডিক্যাল কলেজের ভর্তি পরিক্ষায়। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে মেডিক্যাল কলেজ ফটকে অভিভাবকদের জটলা। জনাকীর্ণ স্থানে মাস্ক পরেই যেনো সবাই সুরক্ষিত। সেখানে সামাজিক দূরত্ব ছিল গৌণ। পুরুষ-নারী, শিশু সকলেই দাঁড়িয়েছিলেন ভীড়ের মাঝে।
এদিকে, সিলেটের সবচেয়ে বড় মাছের আড়ৎ কাজিরবাজারের চিত্র করোনাকালেও পাল্টায়নি। দু’চোখ যেদিকে যায়, কেবলই মানুষের জটলা। ব্যবসায়ী-ক্রেতা কারো মুখেই মাস্ক নেই। আর সামাজিক দূরত্ব সেতো চিন্তা করা বোকামি বটে। মাথার উপরে সচেতনতামূলক সাইনবোর্ড ঝুলানো থাকলেও বাজারে কারো মুখে নেই মাস্ক।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হেফাজত বিক্ষোভ মিছিল করেছে। যে কারণে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি। তবে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তারা যে বেখেয়াল তা দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরো ১১৬ জন। যা গত ৬ মাসের মধ্যে সর্বাধিক। এরমধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া করোনায় সিলেটে মৃত্যু হয়েছে আরো একজনের।আগের দিন বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মানুষের মধ্যে সচেতনা না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন চিকিৎসকরাও। ইতোমধ্যে করোনার নতুন স্ট্রেইন থেকে সুরক্ষায় যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা জারি করেছে সরকার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



