আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দশ তারিখ তো চলে গেল। দিন গড়িয়ে সূর্য অস্ত, সন্ধ্যা হয়ে গেল। বেগম জিয়াকে এনে ক্ষমতা দখল করাবেন নাকি উনি। যেখানেই ছিলেন সেখানেই আছেন তিনি। এয়ারপোর্ট নাকি প্রস্তুত? তারেক রহমান আসবে। মুচলেকা দিয়ে রাতের অন্ধকারে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ‘আর রাজনীতি করব না’ বলে পাড়ি দিলেন লন্ডনে। সাত থেকে বাইশ তারিখ- তারেক রহমান তাহলে আসবেন কোন বছর? দেখতে দেখতে ১৫ বছর। তারেক আসবেন কবে?
গতকাল শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়েতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের অর্থ পাচারে টাকা ধরা পড়েছে সিঙ্গাপুরে। দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। সুইস ব্যাংকে টাকা। দেশে দেশে বিলাসবহুল মার্কেট। বিএনপি নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশ অনুমতি পায়নি। অনুমিত পাওয়ার আগেই কি করেছে তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। পুলিশ তল্লাশি করে কি পেলো ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করছিল। ফখরুল সাহেব কোথা থেকে আসে এতো টাকা?
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেই বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, এ এম এস কিবরিয়া, মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রক্তের নদীর ধারা বইয়ে দিয়েছে বিএনপি। আপনারা কি সেই বাংলাদেশ চান?
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। হামলা হলে কি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশ চুপ করে থাকবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, আজকে পল্টনে গেলেন না। হাফ ডিফিট হয়ে গেছে। ঢাকা আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।
তিনি বলেন, এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ এক লয়ার টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন, আমি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র্যাব, পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছি। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শুনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



