তরুণ প্রজন্মের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইতিহাস কিংবা অতীতের সঙ্গে লড়াই করা সম্ভব না। কিন্তু চাইলে নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করা যায়। আর এ বিষয়টি তরুণদের হাতেই আছে। শুধু স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়তে হবে।
শুক্রবার রাজধানী আগারগাঁওয়ের ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া, অ্যাডভেঞ্চার, ঝুঁকিগ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেকে নিযুক্ত করতে হবে।
বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে এ অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। হংকং থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত এ অলিম্পিয়াড এবারই প্রথম হংকংয়ের বাইরে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।
বৈশ্বিক এ প্রতিযোগিতায় ১২টি দেশ- চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে ৫০টিরও বেশি দল অংশ নিচ্ছে। বিজয়ীদের জন্য মোট ৪০ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের কথা বললেই অনেকে মনে করেন ‘এই বুঝি ভারতের কথা বলছে’, আসলে শুধুমাত্র ভারতই আমাদের প্রতিবেশী দেশ নয়। নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াও আমাদের প্রতিবেশী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক কনটেস্ট বাংলাদেশে আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও সত্যিই আনন্দিত। বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১’-এর বিজয়ী ১২টি দল এ আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।
পলক বলেন, তরুণরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী। আমি বিশ্বাস করি, ২০২২ সালের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে আরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশ নেবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



