সিলেটে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ৭৭বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী ইজতেমা নিয়ে পুলিশ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও হেফাজতের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ইজতেমা চলার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত মঙ্গলবার রাতে হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে ইজতেমা ১৯ নভেম্বর এর পর নির্ধারণ করার নির্দেশনা আসলে হেফাজতের কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। গত মঙ্গলবার রাত থেকেই বিপুল সংখ্যক মুসল্লী ইজতেমাস্থলে অবস্থান করছেন।
জানা যায়, মঙ্গলবার রাতে এসএমপির পক্ষ থেকে ইজতেমা ১৯ নভেম্বর এর পর করার নির্দেশনা আসার পর ওইদিন রাতে আমীরে হেফাজত আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা মঙ্গলবার থেকে ইজতেমা শুরু এবং রাতে মাঠে জিকির-আযকারে রাত কাটান। সেই সঙ্গে সহস্রাধিক মুসল্লি দক্ষিণ সুরমার পারাইরচকস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে এসে সমবেত হতে থাকেন। তখন ইজতেমার দিনক্ষণ এবং প্রশাসনের নির্দেশনা নিয়ে হেফাজত কর্মী এবং আলেম-উলামাদের মধ্যে এক বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিরসনকল্পে গতকাল বুধবার সন্ধ্যায় ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম’র নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ।
বৈঠকে সবার সম্মতিক্রমে শুক্রবার সকাল ১০টার মধ্যে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আয়োজকরাও এ সময়ের মধ্যে ইজতেমা সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন। গতকাল বুধবার সকাল পর্যন্ত আমবয়ান চলে। আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিক পর্ব শুরু হয়েছে। ওইদিন বাদ ফজর ১ম অধিবেশনে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে উদ্বোধনী বয়ান করেন সংগঠনের আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী। তারপর ধারাবাহিকভাবে কয়েকটি অধিবেশনে দেশি-বিদেশি বরেণ্য উলামা-মাশায়েখ বয়ান রাখেন।
গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব- মিডিয়া) সুদ্বীপ দাস বলেন, সভায় সর্বসম্মতিক্রমে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ইজতেমা চলবে বলে সিদ্ধান্ত হয় এবং আগত মুসল্লিদের নিরাপত্তা জোরদারে সর্বাত্মক সহযোগিতা করবে এসএমপি পুলিশের সদস্যরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



