সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার ঘটনায় ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ দাবি করেছে, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে ঘটনার জড়িত সন্দেহে রাজু নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানায় তারা।
সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর শাহী ঈদগাহে মাঠে বিএনপি নেতা কামালের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় আ ফ ম কামালকে। তিনি ছিলেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, কামালের দাফনের পর বিএনপি কর্মসূচি ঘোষণা করবে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছি।
প্রসঙ্গত, গতকাল রাতে বড়বাজার এলাকায় নিজের প্রাইভেটকারে বসে ছিলেন কামাল। এসময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় এমএজি ওসমানী মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা কামালকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাতে ওসমানী মেডিকেলের সামনে জড়ো হতে শুরু করেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



