নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করবে। সিঙ্গাপুরেও খোঁজ নিয়েছিল বিসিবি। কিন্তু ম্যাচ খেলার সুযোগ মিলবে না বলে আমিরাতকেই বেছে নিয়েছে বাংলাদেশ।
২২ সেপ্টেম্বর বাংলাদেশ দুবাই যাবে। ২৫ ও ২৭ সেপ্টেম্বর সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি চূড়ান্ত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন ক্রিকেটাররা।
এরপর নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে ৩০ সেপ্টেম্বর রওনা হবে দল।
সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান। তাকে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য সহঅধিনায়ক করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বৃহস্পতিবার মিরপুরে বলেছেন, ‘আমাদের ২২ তারিখে দুবাই যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত সেখানে থাকবো। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ফিরবো। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’
তিনি আরও যোগ করেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সহায়ক নয়, সেজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করবো। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।’
দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ভারতে ফিরেছেন। সেখান থেকেই তিনি যোগ দেবেন দলের সঙ্গে। ঢাকায় এ কয়েকদিন ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



