সিলেটে আগুনে পুড়ে যাওয়া বিআরটিসি বাসে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬ শিক্ষার্থী। অগ্নিকান্ডে বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক-হেলপারসহ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় আসামাত্র ‘ওভারহিটে’ এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ধর্মঘট চলাকালে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন ছাত্র বিআরটিসির ২টি এসি বাসে বিছানাকান্দি ঘুরতে যান।সন্ধ্যায় ফেরার পথে ৪৬ জন ছাত্রকে বহনকারী বাসটি সালুটিকর এলাকায় পৌছামাত্র পেছন থেকে শ্রমিকরা ধাওয়া করেন।এসময় বাসের পেছনে একটি ঢিল ছোঁড়া হয়। এতে বাসের গ্লাস ভেঙে দুই ছাত্র আহত হন। যদিও তাৎক্ষনিক তাদের নাম পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে একাধিক সূত্র মতে জানা গেছে, পরিবহণ শ্রমিক অবরোধ চলাকালে গাড়ির পেছনে ঢিল ছোঁড়া হলে আক্রান্ত হওয়ার ভয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নিয়ে আসেন।ঘটনাস্থলে আসামাত্র বাসের হেডলাইট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক হেলপার নেমে দেখতে পান ধোয়া উড়ছে। আতঙ্কিত চালক ও শিক্ষার্থীরা নামতেই বাসে আগুন ধরে যায়। তখন ছাত্ররাও খাবার পানি দিয়ে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করেন।
খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাসহ এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় বাসে থাকা শিক্ষার্থীরা ঢিল ছোঁড়ার ঘটনায় এবং দুই শিক্ষার্থী আহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে বিকল্প ব্যবস্থায় পুলিশ তাদের দরগাহ গেইটস্থ হোটেল গ্র্যান্ড মোস্তফায় পৌছে দেয়।
এ বিষয়ে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ২টি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন যাত্রী বিছানাকান্দি গিয়েছিলেন। ফেরার পথে একটি বাসটিতে ঢিল ছোঁড়া হলে গ্লাস ভেঙে ২ ছাত্র আহত হন।চালক বাসটি নিয়ে সিলেট ক্যাডেট কলেজে এসে অবস্থান করে।সেখান থেকে ছেড়ে শহরে আসার পথে মালনীছড়া এলাকায় হেডলাইট বন্ধ হয়ে যায়। গাড়ি বন্ধ করে যান্ত্রিক ত্রুটি খুঁজতে গিয়ে হেলপার দেখতে পান ধোঁয়া বেরোচ্ছে। তা দেখে চালকসহ যাত্রীরা নেমে পড়তেই বাসে আগুন ধরে যায়।
তবে ধর্মঘট পালনকারী শ্রমিকরা গাড়িতে ঢিল ছোড়ার কথা অস্বীকার করে তিনি বলেন, অভার হিটের কারণে বাসটিতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, বাসের আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন তারা।
৫দফা দাবিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনভর সিলেটে পরিবহণ ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন।তারা সড়কে সকল ধরণের যানবাহন চলাচল প্রতিহত করেন তারা। এতে করে সাধারণ মানুষ ও দূর দূরান্তের যাত্রীরা হয়রানীর শিকার হন। দিনভর দুর্ভোগের পর রাতে প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে দেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



