সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ছিল মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। এদিন বিকাল ৫টা পর্যন্ত সিলেট আওয়ামী লীগ চার নেতা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন, নিশ্চিত করে দলীয় সূত্র।
তাঁরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়াম লীগের সহ সভাপতি, জেলা পরিষদের বর্তমান প্রশাসক জয়নাল আবেদীন।
মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বলেন- ‘আজ মনোনয়ন ক্রয় ও জমা দেওয়ার শেষ দিন ছিল। আমি দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছি। দল আমাকে যোগ্য মনে করলে মূল্যায়ন করবে। অন্য কাউকে মনোনয়ন দিলেও তার পক্ষে কাজ করে যাবো। তবে অন্য কারা মনোনয়নফরম কিনেছেন বা জমা দিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরীর বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় কোনো বড় পদের জন্য কোনো আকাঙ্খা পোষন করিনি। আওয়ামী লীগের একজন একনিষ্ট সৈনিক হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনে বুধবার জমা দিয়েছে। আমি আশাবাদি দল আমাকে মূল্যায়ন করবে। এরপরও যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তার পক্ষে মাঠে কাজ করে যাবো।
এদিকে, দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেও শেষ পর্যন্ত তিনি জমা দেননি।
এ বিষয়ে জানতে মিসবাহ উদ্দিন সিরাজকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি এবং ক্ষুদে বার্তা পাঠালেও কোনো উত্তর মিলেনি।
সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, বিকেল ৫ টা পর্যন্ত আমাদের সাধারণ সম্পাদকসহ চার নেতা দলীয় মনোনয়ন কিনেছেন। আমাদের নেত্রী যাঁকে মনোনয়ন দিবেন আমরা তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী করবো।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিনের মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, আহমদ হেসেন খান প্রমুখ।
উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



