নতুন সিলেট প্রতিবেদক:: খেলতে গিয়ে পুকুরে ডুবে তাজ উদ্দিন (৪) ও আলী হোসেন (৫) নামে দুই শিশুর সলিল সমাধি হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে পুলিশকে খবর দেন।নিহত শিশুরা টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে অভিভাবকরা শিশু দু’টির সন্ধান করতে গেলে প্রতিবেশির মাধ্যমে অভিভাবকরা জানতে পারেন পাশের বাড়ির শরাফত আলীর পুকুরে শিশু দু’টির মরদেহ পাওয়া গেছে। স্বজনরা সেখানে ছুটে গিয়ে তাজ উদ্দিন ও আলী হোসেনের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে মোগলাবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, বাড়ীর সন্নিকটে পতিত জমিতে শিশু দু’টি খেলাধুলায় মগ্ন ছিল। অনুমান বেলা ১২টার দিকে রুবেল আহমদের স্ত্রী জুমি বেগম ছেলে তাজ উদ্দিনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। তখন পার্শ্ববর্তী প্রবাসী আব্দুস শহীদের স্ত্রী নাছিমা বেগমও তার ছেলে আলী হোসেনকে না পেয়ে দুইজনসহ বাড়ীর অন্যান্য লোকজন শিশু দু’টিকে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী ঘরের তাহমিনা বেগম রুবেল আহমদের ছেলেকে পার্শ্ববর্তী শরাফত আলীর পুকুরে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিলে স্বজনরা দৌঁড়ে গিয়ে শিশু তাজ উদ্দিনকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করতে গেলে শিশু আলী হোসেনের মরদেহও পুকুরে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করেন।
তিনি বলেন, ময়না তদন্ত ছাড়াই শিশু দু’টির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



